মুক্তি, পাকিস্তানি, সিরিজ, ভারত, নিষিদ্ধ,
ফওয়াদ খান ও মাহিরা খান। সংগৃহীত
ads

ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ ভারতে প্রচার না করার বিষয়ে নেটফ্লিক্সকে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারতের দর্শকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনো সিনেমা বা সিরিজ যেন ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

৪ ডিসেম্বর মুক্তির আগেই বিতর্ক ও আপত্তি

আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। তবে ভারতে এর প্রচার নিয়ে আপত্তি ওঠার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেটফ্লিক্সকে আগের নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিরিজটির ভারতীয় মুক্তি নিয়ে বেশ কিছু অভিযোগ ও আবেদন জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা অনুসরণের কথা নেটফ্লিক্সকে জানানো হয়। ওই নির্দেশনায় ভারতের সব ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে তৈরি সিনেমা ও সিরিজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

কেন এত আগ্রহ ও প্রতিবাদের মুখে সিরিজটি?

এর আগে নেটফ্লিক্সে সিরিজটির আগমনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়। বলিউডে কাজ করার সুবাদে ফওয়াদ খান ও মাহিরা খান—দুজনেরই ভারতে পরিচিতি রয়েছে। ফওয়াদ একাধিক ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

অন্যদিকে, শাহরুখ খানের সাথে একটি ছবিতে কাজ করেছেন মাহিরা। ফলে তাদের নতুন সিরিজটি ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল।

তবে সিরিজটির ভারতে প্রচার বন্ধের দাবি জানায় ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে চিঠিও পাঠায় সংগঠনটি। এবার কেন্দ্রীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই বিষয়ে নেটফ্লিক্সকে সতর্ক করা হলো।

পটভূমিতে পহলগাম হামলা ও নেটফ্লিক্সের পুরোনো প্রতিশ্রুতি

২০২৫ সালের ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরো অবনতি ঘটে। এর পর জাতীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে পাকিস্তানে নির্মিত সিনেমা ও সিরিজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা জারি করে ভারত সরকার। একই সাথে দুই দেশের শিল্পীদের যৌথভাবে কাজ করার বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়।

মন্ত্রণালয় সূত্রের বরাতে আরো জানা গেছে, ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স নিজেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ তারা উন্মুক্ত রাখেনি। সাম্প্রতিক নির্দেশনায় সরকার সেই প্রতিশ্রুতির কথাও আবার স্মরণ করিয়ে দিয়েছে।

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। প্রেমের গল্পনির্ভর এই সিরিজে ফওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন সনম সইদ ও হানিয়া আমিরের মতো পরিচিত শিল্পীরা।