
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে।’
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) প্রতিনিধিদল। এ সময় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারো গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে।’ গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সার্বিক রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে স্পিকারের সাথে মতবিনিময় করেন।
এ সময় সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও প্রতিনিধিদল তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদীয় বিতর্ক শোনা ও অনুধাবন সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
উল্লেখ্য, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।
বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








