
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসঙ্ঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেস উপদেষ্টার দফতরে এক সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ অনুষ্ঠানে জাতিসঙ্ঘের এই আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন ভাবনায় আরো কার্যকরভাবে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কিভাবে আরো বৃহৎ পরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সকল অংশীজনের সাথে মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দেশে জাতিসঙ্ঘের বহুমাত্রিক উন্নয়ন সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে জাতিসঙ্ঘকে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে পাশে পাওয়া যাবে।
সূত্র : বাসস








