
পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে দাফন করা হয়েছে জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।
মঙ্গলবার বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুলেন্সে করে সোহেল খানের লাশ গ্রামে নেয়া হয়। লাশবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশের সাথে সাথে স্বজন ও ভক্তদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অভিনেতার মৃত্যুর খবর শোনার পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। এ সময় অনেকেই প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান ও চার বোন রয়েছে।
কীভাবে মৃত্যু হলো
‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, গত বুধবার শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেয়ার আগে বগুড়ার হোটেল মম ইন অ্যান্ড রিসোর্টের একটি কক্ষের মেঝেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। শিগগিরই তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এ তার মৃত্যু হয়েছে।
অভিনয় জীবন ও উল্লেখযোগ্য কাজ
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে অভিনয়ে আসার পর অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন সোহেল খান। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি নিজস্ব জায়গা তৈরি করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘নয় নম্বর বিপদ সঙ্কেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ : দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা : দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) এবং ‘শান’ (২০২২)।
এসব চলচ্চিত্রে কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা : দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গিয়েছিল গুণী এ অভিনেতাকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









