সামিহা আফরিন, নিখোঁজ, শিক্ষার্থী, কিশোরী নিখোঁজ, সিসিটিভি ফুটেজ, কল ডিটেইল রেকর্ড, সিডিআর
ভাটারা থানা সংগৃহীত

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে তার ভাই সুজন সিকদার লিটন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এরও আগে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সামিহা আফরিন জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী। 

সুজন সিকদার লিটন জানান, নিখোঁজের দুইদিন আগে পড়ালেখা নিয়ে তার বাবা সামিহাকে বকাবকি করেন। এরপর সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল মঙ্গলবার ভাটারা থানায় নিখোঁজের জিডি করা হয়, যার নম্বর ২৬৫৪।

তিনি জানান, সামিহা ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। বাসা থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। সে বাসা থেকে কোনো স্বর্ণালংকার বা টাকা-পয়সা নিয়ে বের হয়নি।

সামিহার কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কিছু জানা নেই।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য একজন কর্মকর্তার কাছে ছিল। পরে তিনি বিষয়টি দেখছেন। ইতোমধ্যে নিখোঁজ কিশোরীর বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

তিনি বলেন, সামিহা কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। তবে সে তার মা বা অন্য কারো ফোন ব্যবহার করে কারো সাথে যোগাযোগ করেছিল কি না, তা জানতে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিডিআর-সংক্রান্ত তথ্য পাওয়ার পর দেশের কোথাও ওই কিশোরীর সন্ধান মিললে তা পুলিশকে জানানো হবে।