শ্রীলঙ্কা, গণকবর, মুসলিম, হত্যাকাণ্ড, তামিল, লিবারেশন টাইগার্স অব তামিল ইলম, এলটিটিই,
আদালতের নির্দেশে গঠিত প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের একটি গণকবরে খননকাজ চালাচ্ছে। আল জাজিরা
ads

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদীদের হাতে কয়েক শ মুসলিম হত্যার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ৩৬ বছর পর পূর্বাঞ্চলীয় কুরুক্কালমাদাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ার পর স্বজনদের মনে জেগেছে পুরোনো প্রশ্নের উত্তর পাওয়ার আশা। তারা এখন জানতে চান, নিখোঁজ স্বজনদের পরিণতি কী হয়েছিল। অন্তত মুসলিম রীতিতে তাদের দাফন করার সুযোগটুকু চান কেউ কেউ।

৬০ বছর বয়সী ফওজুল হিনায়ার দুই ভাই ১৯৯০ সালে তামিল বিদ্রোহীদের হাতে নিহত হন। এত বছর পরও তাদের দেহাবশের সন্ধান পাননি তিনি। এখন তার একমাত্র চাওয়া, ভাইদের দেহাবশেষ পাওয়া গেলে মুসলিম রীতি অনুযায়ী সম্মানের সাথে দাফন করবেন। আল-জাজিরাকে তিনি বলেন, ‘আমি তাদের সম্মানের সাথে দাফন করতে চাই।’

১৯৮৩ সালে শ্রীলঙ্কার স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) ও দেশটির সেনাবাহিনীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। দীর্ঘ এই যুদ্ধে বেসামরিক নাগরিকসহ কয়েক দশ হাজার মানুষ নিহত হন। তামিল জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধেও।

তবে এলটিটিইর বোমা হামলা ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সিংহলি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষও। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে সংগঠনটি। এর আগে হত্যা করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও। তামিল বিদ্রোহীদের দমনে একসময় শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠিয়েছিলেন রাজীব গান্ধী।

তবে এলটিটিইর হাতে মুসলিম হত্যাকাণ্ডের ঘটনাগুলো দীর্ঘদিন আড়ালেই থেকে গেছে। ১৯৯০ সালের শুরুতে পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাট্টানকুডি ও এরাভুর শহরে মুসলিমদের ওপর হামলা শুরু করে সংগঠনটি। অনেককে অপহরণ করা হলেও তারা আর ফিরে আসেননি। তাদের শত শত লাশ বা দেহাবশেরও সন্ধান মেলেনি।

গত মাসে কুরুক্কালমাদামের একটি গণকবরে খননকাজ চালানোর সময় মানুষের কঙ্কাল পাওয়া যায়। আদালতের নির্দেশে প্রত্নতাত্ত্বিকদের একটি দল সেখানে খননকাজ চালাচ্ছে। নিহতদের স্বজনদের পক্ষে আদালতে লড়ছেন আইনজীবী মুয়াজ্জাম মুবারক। তিনি জানান, কঙ্কালগুলোতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজ বলেন, এখন প্রথম কাজ হলো দেহাবশেষগুলো কার, তা শনাক্ত করা, কী ঘটেছিল তা নির্ধারণ করা এবং স্বজনদের নিয়মিত তথ্য জানানো।

হিনায়ার ছয় ভাইবোনের মধ্যে ফওজুল আমির ও আবদুর রউফ ছিলেন ছোট দুই ভাই। তাদের বাবা হায়াত মোহাম্মদ কাঠ কাটার কাজ করতেন। আয় অনিয়মিত হওয়ায় দুই ভাই বাবাকে সংসার চালাতে সহায়তা করতেন। ১৯৯০ সালের জুলাইয়ে এক সকালে তৈরি পোশাক বিক্রির জন্য বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরের আক্কারাইপাট্টু শহরে যান আমির। ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে এলটিটিই সদস্যরা তাকে থামায়। সেখানে আমিরসহ কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। নিহতের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। বিভিন্ন হিসাবে তা ৬০ থেকে ১৫০ জন।

এই হত্যাকাণ্ড শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য ছিল এক বড় মোড় পরিবর্তনের ঘটনা। দেশটির মোট জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। এর আগে এলটিটিই সাধারণত মুক্তিপণের জন্য মুসলিমদের অপহরণ করত। সেই অর্থ দিয়ে তারা নিজেদের সশস্ত্র লড়াই চালাত। কিন্তু কুরুক্কালমাদামের হত্যাকাণ্ডের পর তাদের লক্ষ্য আর শুধু অর্থ আদায়ে সীমাবদ্ধ থাকেনি।

এরপর ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলের কাট্টানকুডি ও এরাভুর শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। সে সময় হিনায়ার আরেক ভাই আবদুর রউফ দেশের উত্তরাঞ্চলের একটি দোকানে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কয়েক দিন পর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঠেলাগাড়ি নিয়ে কাছের বাত্তিকালোয়া শহরে যান। পথে এলটিটিই সদস্যরা তাকে অপহরণ করে। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তাকে মৃত বলেই ধরে নেয়া হয়।

২০১৬ সালে শ্রীলঙ্কা নিখোঁজ ব্যক্তিদের ভাগ্য অনুসন্ধানে স্বাধীন সংস্থা ‘অফিস অন মিসিং পারসনস’ গঠন করে। গৃহযুদ্ধের শুরু থেকে নিখোঁজ স্বজনদের সন্ধান চেয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত মানুষের মতো হিনায়াও সেখানে অভিযোগ করেন। তার আশা ছিল, গণকবরগুলোর অনুসন্ধানে হয়তো নিখোঁজদের পরিণতি সম্পর্কে জানা যাবে।

ফওজুল হিনায়ার হাতে তার ভাই ফওজুল আমিরের ডেথ সার্টিফিকেট

কুরুক্কালমাদামের হত্যাকাণ্ডের পাশাপাশি ১৯৯০ সালের অক্টোবরে উত্তরাঞ্চল থেকে মুসলিমদের ব্যাপকভাবে উচ্ছেদ করে এলটিটিই। ওই অঞ্চলের ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে মাত্র দুই দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। পোশাক ছাড়া অন্য কিছু সঙ্গে নেয়ার অনুমতি ছিল না তাদের। ফলে তারা দেশের অন্যান্য এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নেন।

তাদের একজন মোহাম্মদ রিজনি। ৫৯ বছর বয়সী এই ব্যক্তি জানান, ১৯৮৭ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তির পর ভারতীয় সেনারা উত্তরাঞ্চলের মুল্লাইতিভু এলাকায় ঘাঁটি স্থাপনের জন্য কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। সেটিই ছিল তার পরিবারের প্রথম বাস্তুচ্যুতি। ১৯৯০ সালের শুরুতে ভারতীয় সেনারা চলে গেলে তারা গ্রামে ফিরে আসেন। তখন তামিল ও মুসলিমদের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ‘আমরা এক পরিবারের মতো ছিলাম,’ বলেন তিনি।

২০২৪ সালের ১৭ মে স্মরণ অনুষ্ঠানে নিহত স্বজনদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়া এক তামিল নারীকে সান্ত্বনা দিচ্ছেন অন্যরা

কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিমদের ডেকে দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। রিজনির ভাষায়, ‘আমরা কখনো তামিলদের জন্য হুমকি ছিলাম না। উত্তরাঞ্চলের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ ছিলাম আমরা। তামিল ছিল ৯০ শতাংশের বেশি।’

রিজনির পরিবার হারায় ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একর নারকেলবাগান, আট একর ধানখেত, একটি বাড়ি ও একটি মুদি দোকান। যুদ্ধ শেষে অনেক মুসলিম শরণার্থী উত্তরাঞ্চলের নিজেদের গ্রামে ফিরে গেলেও এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসন হয়নি বলে মনে করেন রিজনি ও অধ্যাপক ফৌজ।

ফৌজের মতে, মুসলিমদের ওপর এলটিটিইর হামলা তাদের প্রস্তাবিত তামিল মাতৃভূমির ধারণার বৈষম্যমূলক চরিত্র তুলে ধরে। উত্তর ও পূর্বাঞ্চলকে তামিল মাতৃভূমি দাবি করা হলেও সেখানে দীর্ঘদিন ধরে মুসলিম জনগোষ্ঠীর বসবাস ছিল। তাদেরও নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা ও ভূমির ওপর অধিকার ছিল। সিংহলি সংখ্যাগরিষ্ঠতার আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও মুসলিমদের প্রতি আচরণে এলটিটিই একই ধরনের বৈষম্যমূলকনীতি অনুসরণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

২০০৯ সালে গৃহযুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন বলে জাতিসংঘের হিসাবে উঠে এসেছে। যুদ্ধ শেষে মুসলিম শরণার্থীদের অনেকে নিজেদের গ্রামে ফিরে গেলেও পুনর্বাসনের কাজ এখনো অসম্পূর্ণ।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোর করে উচ্ছেদকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। আল-জাজিরাকে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবিই নিরীহ মানুষকে হত্যা কিংবা পরিবারগুলোকে বাড়িঘর ছাড়তে বাধ্য করার বৈধতা দিতে পারে না।’ তিনি আশা করেন, কুরুক্কালমাদামের গণকবরে পাওয়া দেহাবশেষ শনাক্ত করতে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কর্তৃপক্ষ যথাযথ ও স্বাধীন তদন্ত করবে।

রিজনি চান, একসময় তামিল ও মুসলিমদের মধ্যে যে সম্প্রীতি ছিল, তা আবার ফিরে আসুক। তিনি বলেন, ‘তামিল ও মুসলিমদের মধ্যে সব সময় ভালো সম্পর্ক থাকবে। তবে মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না।’ একই সাথে এলটিটিইর অপরাধের জন্য সব তামিলকে দায়ী করতে চান না তিনি।

অধ্যাপক ফৌজের মতে, কুরুক্কালমাদামের গণকবরের অনুসন্ধান দীর্ঘদিনের অপেক্ষার অবসানের একটি পথ খুলে দিতে পারে। তবে কর্তৃপক্ষ কীভাবে এই তদন্ত এগিয়ে নেয়, তার ওপরই নির্ভর করছে শ্রীলঙ্কার মুসলিম পরিবারগুলো অবশেষে তাদের দীর্ঘদিনের প্রশ্নের উত্তর পাবে কি না।