ভারত, বুলডোজার জাস্টিস,
ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে গুঁড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের বাড়িঘর । সংগৃহীত
ads

ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে। 

‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিত এই ব্যবস্থা একটি অঘোষিত রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।

ভারতীয় কর্মকর্তারা এসব অভিযানকে অবৈধ দখল উচ্ছেদের নিয়মিত প্রক্রিয়া বলে দাবি করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আইন বিশেষজ্ঞরা একে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে পরিচালিত ‘বিচারবহির্ভূত সামষ্টিক শাস্তি’ হিসেবে অভিহিত করেছেন।

কথিত শাস্তিমূলক পদক্ষেপের ধরন

হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক কান্ট্রি চ্যাপ্টারে উল্লেখ করেছে যে, মূলত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলো—যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামে—সাম্প্রদায়িক সঙ্ঘাত, বিক্ষোভ বা কোনো অপরাধমূলক অভিযোগ ওঠার পরপরই রাজ্য কর্তৃপক্ষ প্রায়ই মুসলিম মালিকানাধীন বাড়িঘর, দোকানপাট এবং উপাসনালয় গুঁড়িয়ে দেয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের তদন্তে স্পষ্টভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এ ধরনের উচ্ছেদ অভিযানের ব্যাপকতা ও পুনরাবৃত্তি বিচারবহির্ভূত শাস্তির একটি ‘অঘোষিত রাষ্ট্রীয় নীতি’র (ডি-ফ্যাক্টো স্টেট পলিসি) শামিল।

সঠিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে

মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়েছে যে, কর্তৃপক্ষ নিয়মিতভাবে কোনো পূর্ব লিখিত নোটিশ, আদালতের আদেশ বা বাসিন্দাদের আপিল করার সুযোগ না দিয়েই স্থাপনাগুলো ভেঙে ফেলছে। কর্মকর্তারা প্রায়ই অভিযানের পর লক্ষ্যবস্তু হওয়া এসব সম্পত্তিকে ‘অননুমোদিত নির্মাণ’ বা সরকারি জমিতে ‘অবৈধ দখল’ হিসেবে তকমা দিয়ে থাকেন।

‘বুলডোজার জাস্টিসের’ আন্তঃসীমান্ত প্রভাব

হিউম্যান রাইটস ওয়াচের ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, গুজরাট ও আসামের মতো রাজ্যগুলোতে ‘অবৈধ বাংলাদেশী অভিবাসী’ উচ্ছেদের অজুহাতে বাংলাভাষী মুসলিমদের দখলে থাকা হাজার হাজার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযানগুলোর পাশাপাশি ১,৫০০ জনেরও বেশি মানুষকে বাংলাদেশে পুশ-ইন বা বিতাড়িত করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন।

মোদি সরকারের আনুষ্ঠানিক অবস্থান

ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরা ধর্মীয় বৈষম্যের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের দাবি, পৌর আইন অনুযায়ী শুধুমাত্র সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রাজ্য কর্মকর্তারা প্রকাশ্যে বুলডোজার ব্যবহারের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘দাঙ্গাবাজ’, ‘দুষ্কৃতকারী’ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দমনে এটি একটি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা।

আইনি ও আন্তর্জাতিক অগ্রগতি

২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ‘জমিয়ত উলামা-ই-হিন্দ বনাম ভারত সরকার’ মামলায় রায় দেন যে, নির্বিচারে ও শাস্তিমূলকভাবে বাড়িঘর গুঁড়িয়ে দেয়া অসাংবিধানিক। 

আদালত কঠোর জাতীয় নির্দেশিকা জারি করে বলেন, কোনো স্থাপনা ভাঙার আগে অবশ্যই অগ্রিম নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের বা শুনানির সুযোগ দিতে হবে।

সুপ্রিম কোর্টের এই রায় সত্ত্বেও জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞ এবং হিউম্যান রাইটস ওয়াচ ২০২৫ ও ২০২৬ সালে জানিয়েছে যে, রাজ্য কর্তৃপক্ষ পর্যাপ্ত নোটিশ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই গণ-উচ্ছেদ ও ভাঙচুরের অভিযান অব্যাহত রেখেছে।