
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজশাহীর বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। সমাবেশ থেকে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে বানেশ্বর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমির মো: মাইনুল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের রাজনীতি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।’
তিনি আরো বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের বিরুদ্ধে জনগণ সোচ্চার। জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের ব্যর্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে অব্যাহত থাকবে।’
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হোসেন ও নুরুজ্জামান লিটন, কর্মপরিষদ সদস্য মো: কামরুজ্জামান, মাওলানা জিন্নাত আলী, মিনহাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের আমির, নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









