
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা অ্যান্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত এবং বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা অ্যান্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছিল।
জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে দুইটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাফতরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবি এ অভিযান পরিচালনা করে।







