
প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। তার দারুণ বোলিংয়ে আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৪ রান করে ক্যাপিটালস। জবাবে ১৩ বল বাকি থাকতেই ১১৯ রানে গুটিয়ে যায় ভাইপার্স। ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নামা মোস্তাফিজ ২.৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
আগের ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল ক্যাপিটালসও। এবার দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ভাইপার্স। আগের ম্যাচে টুর্নামেন্ট অভিষেকে ৫১ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলা বাবর আজম এবার ফিরেছেন মাত্র দুই বল খেলে। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজও দ্রুত প্রভাব রাখেন।
দুটি ওয়াইড দিলেও ওভারে খরচ করেন মাত্র ৬ রান। শেষ বলে স্লোয়ারে ফাখার জামানকে পয়েন্টে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভাইপার্স।
আন্দ্রিয়েস হাউস, জো ক্লার্ক ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নুর আহমাদ। নিজের শেষ ওভারে টম কারানকে ফিরিয়ে চার উইকেট পূর্ণ করেন আফগানিস্তানের এই বাঁহাতি স্পিনার।
মোস্তাফিজের দ্বিতীয় স্পেলেও ছিল নিয়ন্ত্রিত বোলিং। ভাইপার্সের রান তখন ৭ উইকেটে ১১০। নিজের ওভারে মাত্র ৩ রান দেন তিনি। পরে হাসান খান পরপর দুটি উইকেট নেয়ার পর আবার আক্রমণে ফেরেন মোস্তাফিজ।
শেষ ওভারের পঞ্চম বলে মুজিব উর রাহমানকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে প্রতিপক্ষের ইনিংসের ইতি টানেন বাংলাদেশের এই পেসার।
ক্যাপিটালসের জয়ের নায়ক অবশ্য নুর আহমাদ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ২১ বছর বয়সী এই আফগান স্পিনারের হাতে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









