
কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াত নেতা মো: শাহজাহান আলীসহ আটজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহজাহান কুষ্টিয়া শহর জামায়াতের ইউনিট সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এ ঘটনায় অন্য আহতরা হলেন ঠান্ডু (৩৪), ইউনুস (৬০), রফিকুল (৪৫), শরিফুল (৪৫), নজরুল (৫৬), লাল মিয়া (৫৪)। আহত একজনের পরিচয় জানা যায়নি। তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াত নেতা শাহজাহানের দাবি, গড়াই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন ও পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। পরে স্থানীয়রা ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জেরেই তার বাড়ি ও অফিসে হামলা চালানো হয়েছে।
তার অভিযোগ, দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল তার বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এ সময় জামায়াতের আট থেকে নয়জন নেতাকর্মী আহত হন।
তবে বিএনপি নেতাকর্মীদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, বালুমহাল থেকে জামায়াত নেতা শাহজাহান টাকা নিতেন। সম্প্রতি টাকা চাওয়া হলে ঘাট পরিচালনাকারীরা তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলার অভিযোগও সাজানো বলে দাবি তাদের।
তবে বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে ভাংচুর ও গুলিবর্ষণের সাথে জড়িত বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ঘটনায় জামায়াতের আট থেকে নয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
এদিকে, হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









