চুয়েট শিক্ষার্থী আন্দোলন, চুয়েট ভিসি সঙ্কট, চুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ, চুয়েট প্রশাসনিক কার্যক্রম বন্ধ, চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, চুয়েট ভিসি ইস্যু, চুয়েটে শাটডাউন কর্মসূচি
চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা। সংগৃহীত
ads

ভিসিকে ঘিরে সৃষ্ট সঙ্কটের সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে, বুধবার রাতে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশ শেষে রাত ২টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিচ্ছেন। চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।’ এ অবস্থায় সঙ্কটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন তারা।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের ভিসি ইস্যুতে বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সঙ্কটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারো শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।