
অনাকাঙ্ক্ষিত এক ‘ফিফটি’ ছুঁয়েছে বাংলাদেশ। যেই ফিফটি মোটেও আনন্দের নয়, লজ্জার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের সংখ্যা এখন ৫০। মাত্র ১৬৬ টেস্টেই ৫০ বার ইনিংস ব্যবধানে হার যেন টাইগারদের ব্যর্থতার গল্পই বলে।
সেঞ্চুরিয়নে বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে তিন দিনেই হেরে গেছে বাংলাদেশ। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। ইনিংস ব্যবধানের এই হারেই অনাকাঙ্ক্ষিত এই মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের চেয়ে বেশি ইনিংস ব্যবধানে হেরেছে শুধু ইংল্যান্ড। তবে ম্যাচের সংখ্যার তুলনায় এই হারে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ। মাত্র ১৬৬ টেস্ট খেলেই ৫০ বার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
অর্থাৎ প্রতি তিন ম্যাচের একটিতে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। টাইগারদের ইনিংস ব্যবধানে হারের হার ৩০ দশমিক ১২ শতাংশ। তালিকায় এরপরে থাকা জিম্বাবুয়ে ১৩২ টেস্টের ৩২টিতে ইনিংস ব্যবধানে হেরেছে, যা তাদের মোট ম্যাচের ২৪ দশমিক ২৪ শতাংশ।
ইনিংস ব্যবধানে হারের সংখ্যায় বাংলাদেশের সমান নিউজিল্যান্ডও। তবে ৫০বার ইনিংস হারের লজ্জা পেতে কিউইদের খেলতে হয়েছে ৪৭২ টেস্ট। আর সবচেয়ে বেশি ইনিংস ব্যবধানে হার ইংল্যান্ডের, ৬৬ বার এমন লজ্জা পেয়েছে তারা ৮৪২ ম্যাচ খেলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









