
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না অভিজ্ঞ এই ব্যাটারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
জোহানেসবার্গে প্রথম টেস্ট চলাকালে কুঁচকিতে চোট পান তিনি। পরে চোটের জায়গায় এমআরআই করানো হলে প্রদাহ ধরা পড়ে। সুস্থ হতে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, চোট গুরুতর হওয়া ঠেকাতে মুশফিককে তাৎক্ষণিক বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে দ্বিতীয় টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না।
প্রথম টেস্টে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান। তবে অভিজ্ঞ এই ব্যাটারের অনুপস্থিতি দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে।
মুশফিকের আগে কনুইয়ের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। দেশে ফিরে যেতে হচ্ছে এই পেসারকে।
প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে উঠল টাইগারদের জন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









