
বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিগত স্বৈরাচার ও পতিত সরকারের দোসররা, বিগত সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টরা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, কাশিয়ানীতে বিভিন্ন থানায় হামলা চালিয়েছে।’
স্বৈরাচার সরকারের সাথে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দুঃসাহস নরসিংদীতে দেখাবেন না। তাহলে কিন্তু কোনোভাবেই রক্ষা পাবেন না।’
শুক্রবার (২০ নভেম্বর) নরসিংদীর মাধবদী বাজার বড় মসজিদে জুমার নামাজের আগে মুসল্লি ও সাধারণ জনগণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘দেশে যারা অরাজকতা, বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।’
তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া যাবে না। আপনাদের সাথে নিয়ে দুষ্কৃতিকারীদের প্রতিহত করব। তবে সবকিছুই আইন ও নিয়মের মধ্যে থেকে করতে হবে।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া যাবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’
ওই মুহূর্তে মুসল্লিদের মধ্যে অনেকে বলাবলি করেন, বিএনপির কোনো কোনো নেতা বিগত সরকারের দোসরদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করতে হলে নেতাকর্মীদের কথা ও কাজে মিল থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাধবদী শহর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনোসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









