
জোহানেসবার্গে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষোভ ঝেড়েছিলেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। এবার সেই আচরণের কারণে শাস্তির মুখোমুখি হলেন তিনি।
আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তাওহীদ দোষী সাব্যস্ত হয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। যা মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সাথে সম্পর্কিত। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ হওয়ায় শাস্তির খাতায় দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
প্রথম দিনের খেলায় ইনিংসের শেষ বলে আউট হন দুর্দান্ত ব্যাটিং করা হৃদয়। বাংলাদেশকে সেদিন লিটনের সাথে ভরাডুবি থেকে তুলে এনেছিলেন ১৩৭ রান করে।
ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ যখন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এ সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন ও আরো আগেই খেলা থামানো উচিত ছিল বলে দাবি করেন। এ সময় তিনি আম্পায়ারদের সাথে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন হৃদয়। নিজের দোষ স্বীকার করে নেয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সেই সাথে ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









