গ্রেফতার
গ্রেফতাররা। নয়া দিগন্ত
ads

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পুলিশ মামলা করেছে।

গ্রেফতাররা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, উপজেলার ফুলমালির চালা গ্রামের মো: রেজাউল করিমের ছেলে মো: সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এই আগুন ও পেট্রোল বোমা বিস্ফোনের ঘটনা ঘটে। 

শুক্রবার গ্রেফতারদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার পর আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলাটি করে। গ্রেফতারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই মামলায় গ্রেফতারদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেফতাররা স্থানীয় কেউ নন। পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকান্ডে অংশ নেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।