
আফগানিস্তানের কাছে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে যুবারা। আহসান আল মুমিনের ৮২ রানের ইনিংসের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার ওমানের আল আমেরাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের ইনিংসে বড় অবদান আহসান ও জারিফ সিয়ামের।
তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। একসময় ভালো অবস্থানে থাকা দলটি শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ৩৭ রানের মাঝে।
শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি ও কৌশিকা কুমারাসিংহে দুটি উইকেট নেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগদার। ৯৫ বলে ৮৫ রানের ইনিংসে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি।
কিন্তু সেনুজা ফিরতেই শ্রীলঙ্কার জয়ের আশাও ফিকে হয়ে যায়। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২০০ রানেই থামে তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর এই জয় বাংলাদেশের জন্য স্বস্তির। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে যুবারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








