
অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে আলো ছড়ানোর স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। অক্টোবর মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।
এর আগেও একবার এ স্বীকৃতি জিতেছেন তিনি। এবার মাস সেরার পুরস্কার জিতলে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা হবেন বাংলাদেশের এই ক্রিকেটার।
২০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সোবহানা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশকে বিশ্বকাপে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এবার তার সাথে মাসসেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতের দীপ্তি শর্মা। এই দুই শক্তিশালী প্রার্থীকে হারিয়েই মাস সেরার স্বীকৃতি পেতে হবে মোস্তারিকে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নারী দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজে দারুণ পারফরম্যান্স করেন সোবহানা। বিশেষ করে ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেন রেকর্ড গড়া ইনিংস। ১৩৪ বলে ১১৮ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তার। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে সোবহানার ব্যাট থেকে আসে ১২৯ রান। স্ট্রাইক রেট ছিল ৭৩.৭১।
তার ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা। অন্য দুই প্রতিদ্বন্দ্বীও অক্টোবর মাসে দারুণ পারফরম্যান্স করেছেন।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৯৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬ উইকেট, ইকোনমি ৪.১২।
সিরিজের প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নেয়ার পাশাপাশি শেষ ম্যাচে খেলেছেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একটি উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে, ভারতের দীপ্তি শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে একবার সুযোগ পেয়ে অপরাজিত ১০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি ৩.৪২।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩৭ বলে ৪৯ রান করার পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ভারত জিতেছে ৩-০ ব্যবধানে জিতেছে।
এদিকে অক্টোবরের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার লড়াইয়েও রয়েছে তিন দেশের প্রতিনিধি। সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








