
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে দুইবার পিছিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এবার সেই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসতে পারে ম্যান ইন ব্লুরা।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। সিরিজ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
বিসিবি সভাপতি তামিম ইকবালও এমনই আভাস দিয়েছেন। এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিসিসিআইয়ের সাথে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’
সিরিজের সম্ভাব্য সময় সম্পর্কে বিসিবি সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবর বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় তামিম ইকবাল আলোচনার অগ্রগতি তুলে ধরেন। সেখানে তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মাঝে শেষ হতে পারে সিরিজটি।
সর্বশেষ এক অনলাইন বৈঠকেও নাকি জানুয়ারির শুরুতে সিরিজটি আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন দুই বোর্ডের কর্মকর্তারা। ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বিবেচনায় রেখেই মাসের শুরুর দিকটি বেছে নেয়ার আলোচনা চলছে। তবে সিরিজের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
তবে অনিশ্চয়তা রয়ে গেছে এখনো। বিসিবি ও বিসিসিআইয়ের সম্মতি পেলেই অবশ্য সিরিজ আয়োজন নিশ্চিত হচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় দলের বাংলাদেশ সফরের বিষয়ে দুই দেশের সরকারের সবুজ সংকেত প্রয়োজন হবে।
বিসিসিআইয়ের সাথে আলোচনায় এ বিষয়টি সরাসরি না এলেও দুই বোর্ডই বিষয়টির গুরুত্ব সম্পর্কে অবগত। তবে জানা গেছে, ভারত সরকারের ইতিবাচক অবস্থানের ইঙ্গিত মিলেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথেও যোগাযোগ রাখছে বোর্ড।
ভারতীয় দলের সফর নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিয়মিত যোগাযোগ রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে। সম্প্রতি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনেও তাদের মাঝে এ বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় দলের এই সফরের সূচি এর আগেও দুইবার নির্ধারণ করা হয়েছিল। প্রথমবার ২০২৫ সালের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। সূচিও নির্ধারিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সফরটি হয়নি।
৫ জুলাই বিসিবি ও বিসিসিআই যৌথভাবে সিরিজ স্থগিতের ঘোষণা দেয়। এরপর ২০২৬ সালের ২ জানুয়ারি বিসিবি ঘোষিত হোম সিরিজের সূচিতেও ভারতের সফর রাখা হয়। সে অনুযায়ী, গত ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের।
সম্ভাব্য এই সিরিজ ধরেই ২০২৬-২৭ মৌসুমের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছিল বিসিবি। এবারও ভারত আসেনি। ভারতীয় বোর্ড তখন জানিয়েছিল, সরকারের অনুমতি ছাড়া এককভাবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।
এরপর ৩১ আগস্ট তামিম জানিয়েছিলেন, দুই বোর্ডই সিরিজ আয়োজনের ব্যাপারে আন্তরিক ও নতুন সময় বের করার চেষ্টা করছে। এবার সেই আলোচনাই জানুয়ারির সম্ভাব্য সূচি পর্যন্ত এগিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








