
পেসার মারুফা আক্তারকে ছাড়াই আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি মারুফার।
আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।
এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে নাহিদার। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি।
এশিয়ান গেমসের দল থেকে তিনটি পরিবর্তন হয়েছে। মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শারমিন সুলতানার জায়গায় দলে ডাক পেয়েছেন ব্যাটার সাথি রানী, স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।
সাথি দুই বছর ও সুমনা দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি দিশার।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর থেকে নারী ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর শুরু হবে।
এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে- স্বাগতিক আমিরাত. শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
দুই গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে খেলবে। ওই পর্ব থেকে সেরা দু’দল ২৫ নভেম্বর ফাইনাল খেলবে। ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।
বাংলাদেশ দল : নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








