২০২৭ ক্রিকেট বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি বিশ্বকাপ টিকিট, ভারত-পাকিস্তান ম্যাচ, ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, জিম্বাবুয়ে বিশ্বকাপ, নামিবিয়া বিশ্বকাপ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ টিকিট পাওয়ার আশায় এরই মধ্যে আইসিসির কাছে আবেদন করেছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখের বেশি।

Advertisement

স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে আবেদন করেছেন প্রায় ৮৪ লাখ সমর্থক। ইংল্যান্ড- বাংলাদেশ ম্যাচ দেখতে টিকিটের আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি। ইতোমধ্যে তিন কোটির বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকদের মাঝে। আফ্রিকা মহাদেশ থেকেও এসেছে ব্যাপক সাড়া। তিন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে এই অঞ্চল থেকে আবেদন জমা পড়েছে প্রায় দেড় কোটি।

বিশ্বকাপের ৫৭টি ম্যাচের মাঝে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে হবে ৪১টি। শুধু এই ম্যাচগুলোর জন্যই আবেদন পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। স্বাগতিকদের ১১টি ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ সমর্থক।

জিম্বাবুয়েতেও টিকিটের চাহিদা কম নয়। দেশটিতে আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। গ্রুপ পর্বে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ। ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট পেতে আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হবে ছয়টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন পড়েছে ২০ লাখের বেশি। তবে সব ম্যাচকে ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান লড়াই।

১০ অক্টোবর জোহানেসবার্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজারের বেশি। একই শহরে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৭৯ লাখ।

আইসিসির ইভেন্টস ও ক্রিকেট অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা এই সাড়াকে অসাধারণ বলে অভিহিত করেছেন। ২৪ বছর পর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকায় ফিরছে। তার মতে, এ কারণেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ১৪টি দল নিয়ে তিন দেশের ১২টি ভেন্যুতে হবে মোট ৫৭টি ম্যাচ।

২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। আর প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের পুরুষদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।