
আফগানিস্তানের ক্রিকেটে আরেকটি নতুন মাইলফলক। ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে উঠেছে রশিদ খানের দল। আইসিসির পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয়ে উঠে এসেছে আফগানিস্তান।
সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেয়েছে তারা। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ের পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানিস্তান।
শেষ পর্যন্ত শিরোপাও ওঠে তাদের হাতে। শারজায় ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আফগানরা। পুরো প্রতিযোগিতায় বল হাতে আলো ছড়ান অধিনায়ক রশিদ খান। ১১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।
এ পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে ৯৬টিতে জয় পেয়েছে আফগানিস্তান। জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। র্যাঙ্কিংয়ে এরই মাঝে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছিল তারা। এবার শ্রীলঙ্কাকেও ছাড়িয়ে ছয়ে উঠে ইতিহাস গড়ল রশিদ খানের দল।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান নবম।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








