
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরুর হতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ডান হিপ জয়েন্টের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তাওহিদ হৃদয়।
আগে থেকেই গুঞ্জন ছিল এ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে প্রথম ম্যাচে খেলা হবে না বাংলাদেশের। সদ্য সাবেক অধিনায়ক মেহেদী মিরাজ জ্বরে আক্রান্ত হয়েছেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়েরর বিপক্ষে আবুধাবিতে তাকে ছাড়াই খেলতে নামে টাইগাররা।
তবে সবচেয়ে বড় চমক আসে টসের মুহূর্তে, সদ্যই নেতৃত্ব পাওয়া লিটন দাস আসেননি টস করতে। বদলে দেখা যায় তাওহীদ হৃদয়কে। এরপর জানা যায় চোটের কারণে এ ম্যাচে খেলছেন না লিটন। তবে এখন জানা গেল পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি জানান, গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিলেন লিটন। এরপর তার এমআরআই করানো হলে সেখানে সমস্যা ধরা পড়ে।
বায়েজিদুল বলেন, ‘গতকাল লিটন কুমার দাস ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল। এরপর আমরা তার এমআরআই করাই। রিপোর্টে ডান হিপ জয়েন্টে কিছু সমস্যা ধরা পড়ে।’
চোটের পরও খেলার সম্ভাবনা যাচাই করতে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন লিটন। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় তাকে নিয়ে আর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফলে এ সিরিজে আর খেলা হচ্ছে না বাংলাদেশের নিয়মিত অধিনায়কের।
লিটনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ২০২৫ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটার। লিটনের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন তাওহিদ হৃদয়।
এদিকে মিরাজের শারীরিক অবস্থাও ভাবনায় ফেলেছে বাংলাদেশকে। গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








