আফগানিস্তান, আফসার জাজাই
ব্যাট করছেন আফসার জাজাই। ইন্টারনেট

আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন আফগানিস্তান ব্যাটার আফসার জাজাই। 

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির লেভেল-১ ভাঙার অপরাধে জাজাইকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। 

আইসিসি’র আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন জাজাই। যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সাথে সম্পর্কিত।

বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশে ছিলেন না জাজাই। দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন তিনি।  

মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে জাজাইকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন অনফিল্ড আম্পায়াররা। কিন্তু আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন তিনি। 

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে অনফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া মাঠে ঢুকেন জাজাই, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সাথে সম্পর্কিত। ফলে শাস্তির মুখে পড়েছেন জাজাই। 

তিরস্কার হওয়ার পাশাপাশি জাজাইয়ের আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ। 

জাজাইয়ের বিপক্ষে অভিযোগ আনেন আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি।

ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের দেয়া প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন জাজাই। এজন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী এক বা দুই ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।

সূত্র : বাসস