লিটন দাস, সেঞ্চুরি
লিটন দাস। ইন্টারনেট

বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। 

Advertisement

সোমবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান লিটন। ওয়ানডে মেজাজে খেলে ১১৪ বলে ক্যারিয়ারের ৫৭তম টেস্টে সপ্তম সেঞ্চুরির দেখা পান তিনি। 

দু’বার জীবন পেয়ে ১৪টি চারে ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন লিটন। এই ইনিংস খেলার পথে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ডান-হাতি ব্যাটার।

লিটনের আগে এই তালিকায় নাম তুলেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। 

মুশফিক ৪৮২ ম্যাচে ৫৪৪ ইনিংসে ১৬২৫২, তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২, সাকিব আল হাসান ৪৪৭ ম্যাচে ৪৯১ ইনিংসে ১৪৭৩০ এবং মাহমুদুল্লাহ ৪৩০ ম্যাচে ৪৩৩ ইনিংসে ১১০৪৭ রান করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর তিন ফরম্যাট মিলিয়ে ২৮৫ ম্যাচের ৩২৪ ইনিংসে ৯০৮৪ রান করেছেন লিটন। এরমধ্যে ৫৭ টেস্টে ৩৫১১, ১০৪ ওয়ানডেতে ২৮৬৯ এবং ১২৪ টি-টোয়েন্টিতে ২৭০৪ রান করেন তিনি। 

২০১৫ সালের ১০ জুন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় লিটনের।