
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
রোববার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। এর আগে পাকিস্তানকে প্রথম দেখায় ৩০ রানে এবং দ্বিতীয় দফায় ১৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লঙ্কানরা। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পাকিস্তান।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ।
দলের হয়ে মিডল অর্ডার ব্যাটার সাদিয়া ইসলাম ৪৫ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। এ ছাড়া শিরিনা খাতুন ৩২ রানে আহত অবসর, নিশিতা আক্তার নিশি ২০ এবং সাদিয়া আক্তার অপরাজিত ১৪ রান করেন।
পাকিস্তানের তিন বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে ওপেনার রাভাইল ফারহান ৩৬ ও আকসা হাবিব ২৩ রান করেন।
৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখেন নিশি। পাশাপাশি ১টি করে উইকেট শিকার করেন আফরিন মিম-জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্না। ম্যাচসেরার স্বীকৃতি পান বাংলাদেশের ইয়াসমিন।
আগামী ১৪ অক্টোবর লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








