
মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির রেকর্ড সেঞ্চুরির দিন অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল।
রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৭ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হারলো বাংলাদেশ।
ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন সোবহানা। ১৩৪ বলে ক্যারিয়ার সেরা ১১৮ রানের ইনিংস খেলেন তিনি।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। ফারজানা হক ও শারমিন আক্তার শূন্য এবং শারমিন সুলতানা ৫ রান করেন।
অষ্টম ওভারেই খাদের কিনারায় পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা। চতুর্থ উইকেটে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন জ্যোতি ও সোবহানা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
এই রেকর্ড জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান সোবহানা। ১২৩ বল খেলে ১৫টি চারের সহায়তায় শতক পূর্ণ করেন তিনি। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
ইনিংসের ৪৮তম ওভারে দলীয় ২০৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন সোবহানা। ১৮টি চারে ১৩৪ বলে ১১৮ রান করেন এই ডান হাতি ব্যাটার। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন সোবহানা।
সোবহানা ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের সংগ্রহ এনে দেন জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগ্রেসদের। আগেরটি ছিল ৯ উইকেটে ১৯৮ রান।
ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ১১৪ বল খেলে ৭টি বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি।
অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।
জবাবে ওপেনার জর্জিয়া ভোলের সেঞ্চুরিতে ২৮.১ ওভারে ১ উইকেটে ২২২ রান তুলে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ভোল ১৯ চারে ৯৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। এ ছাড়া আরেক ওপেনার ফোবি লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করেন।
বাংলাদেশের হয়ে ১ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। ম্যাচসেরা হন ভোল।
আগামী ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








