ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট
হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো

শাই হোপের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। হোপ ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সিরিজের প্রথম দুই ম্যাচই ৮ উইকেটে জিতেছিল ভারত। শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

চন্ডিগড়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ৪ রানে ২ উইকেট পতনের পর ১৩২ বলে ১৩৭ রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা ও ঋুতুরাজ গায়কোয়াড়।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৫ বলে ৯২ রানে আউট হন রোহিত। ১ চার ও ৪ ছক্কায় ৫৭ রানে আউট হন ঋুতুরাজ।

দলীয় ১৬০ রানের মধ্যে তাদের বিদায়ের পর ভারতের রানের চাকা সচল রাখেন লোকেশ রাহুল। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে ভারতকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ এনে দেন রাহুল।

১০ চার ও ৬ ছক্কায় ৮৭ বলে অপরাজিত ১২৯ রান করেন রাহুল। ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস ৩ উইকেট নেন।

জবাবে ওপেনার জন ক্যাম্পবেল ১০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে আমির জাঙ্গুকে নিয়ে ১০০ বলে ১০৯ রান যোগ করেন হোপ।

এরপর শেরফানে রাদারফোর্ডকে নিয়ে ৫৬ কিমো পলের সাথে ৬৫ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন হোপ। রাদারফোর্ড ২৪ ও পল ৪৪ রানে থামলেও, ক্যারিবীয়দের জয়ের আশা বাঁচিয়ে রাখেন হোপ।

ষষ্ঠ উইকেটে গুদাকেশ মোতিকে নিয়ে ৩০ বলে ঝড়ো ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন হোপ।

ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির ইনিংস খেলে ১৬২ রানে অপরাজিত থাকেন হোপ। তার ১৪৩ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছক্কা ছিল। ১৪ বলে অনবদ্য ১৯ রান করেন মোতি। ভারতের চার বোলার ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন হোপ এবং সিরিজসেরা হন ভারত অধিনায়ক শুভমান গিল।

আগামী ৬ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।