
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার নিবন্ধিত ছিলেন। তবে নিলামের মঞ্চে বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম তোলা হয়—হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনজনের কেউই শেষ পর্যন্ত দল পাননি।
নিলামে বাংলাদেশের হয়ে প্রথমে নাম ওঠে হাসান মাহমুদের। ৪০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করেনি। এরপর একই ভিত্তিমূল্যে নিলামে তোলা হয় সাকিব আল হাসানকে। সাবেক এই অলরাউন্ডারও অবিক্রীত থাকেন। পরে নাজমুল হোসেন শান্তর নাম উঠলেও তার জন্যও কোনো দল আগ্রহ দেখায়নি।
অথচ নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ছিলেন মোট ১০ জন। সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের শ্রেণিতে ছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। ৪০ হাজার ডলারের শ্রেণিতে ছিলেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। আর ১০ হাজার ডলারের শ্রেণিতে ছিলেন তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ।
অবশ্য বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিলামের আগেই প্রাক-চুক্তির মাধ্যমে দলে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস। ফলে পঞ্চম আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইএলটি-টোয়েন্টিতে খেলবেন মোস্তাফিজ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








