
চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন অ্যাশলি নফকে।
চলতি এশিয়ান গেমস শেষে পাকিস্তানের দায়িত্ব থেকে পদত্যাগ করে দুই বছরের চুক্তিতে নেদারল্যান্ডস দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন নফকে। নেদারল্যান্ডসের বিদায়ী কোচ রায়ান কুকের স্থলাভিষিক্ত হবেন তিনি।
২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত নেদারল্যান্ডসের সাথে চুক্তি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার নফকে।
এই সময়ে ২০২৭ ওয়ানডে ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়াই মূল লক্ষ্য হবে তার।
নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নফকে বলেন, ‘নেদারল্যান্ডস পুরুষ দলের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মিত মুখ ডাচরা। নেদারল্যান্ডস এখন একটি প্রতিভাবান ও উদ্দীপ্ত দল। ধারাবাহিকতা অব্যাহত রাখাই আমাদের মূল লক্ষ্য হবে।’
তিনি আরো বলেন, ‘ডাচ ক্রিকেটের উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়ার পাশাপাশি পুরো ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে হবে। দল নিয়ে কৌশলের পাশাপাশি খেলোয়াড়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ৪৯ বছর বয়সি নফকে। বাসস








