এনসিএল
এবারের আসরে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। ছবি: ফাইল ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর থেকে টুর্নামেন্টের ২৮তম আসর শুরু হবে। ২০২৬-২০২৭ ঘরোয়া মৌসুমে চার দিনের প্রথম-শ্রেণির টুর্নামেন্টে আটটি বিভাগীয় দল অংশ নেবে। প্রতিটি রাউন্ডে দেশের বিভিন্ন ভেন্যুতে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে এনসিএল শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। একই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ। প্রথম রাউন্ডের অন্য ম্যাচগুলোর মধ্যে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। প্রায় দুই মাসব্যাপী এনসিএল টুর্নামেন্টের শেষ রাউন্ড ১৭ নভেম্বর শুরু হবে। এবারের আসরে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। উল্লিখিত চারটি ভেন্যু ছাড়াও মৌসুমের অন্যান্য ম্যাচগুলো রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ড, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।