রংপুরে আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির ঢল
রংপুরে আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির ঢল। নয়া দিগন্ত
ads

রংপুরে আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে আজ শুক্রবার জুমার নামাজে ঢল নেমেছিল লাখো মুসল্লির। প্যান্ডেল পেরিয়ে মুসল্লিরা অংশ নেন রাস্তাঘাট ও মাঠে। 

এদিকে মুসল্লিদের আসা-যাওয়া ও অবস্থান নিশ্চিতে আড়াই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে মহানগর পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।

সরেজমিনে দেখা গেছে, নগরীর দর্শনা এলাকায় চলমান ইজতেমার দ্বিতীয় দিন আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। জুমার নামাজ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে লাখো মুসল্লি ইজতেমা প্রাঙ্গণে সমবেত হন। মুসল্লিদের ভিড়ে মূল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট, বাসাবাড়ির ছাদ, দোকানপাট ও মাঠে অবস্থান নেন অনেকে। একপর্যায়ে জুমার নামাজে অংশ নিতে পুরো এলাকা মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে। নামাজ চলাকালে আশপাশের এলাকার স্বাভাবিক কর্মকাণ্ডও প্রায় স্থবির হয়ে পড়ে।

নামাজ শেষে বিশেষ মুনাজাতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি। নিজের, পরিবারের, রাষ্ট্রের ও বিশ্বের শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন তারা।

ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় মারশাদ ইসলাম রাশান বলেন, ‘আমি প্রথম শ্রেণির শিক্ষার্থী। আমার বাবা তাজহাট থানার ওসি রফিকুল ইসলামের সাথে নগরীর গুপ্তপাড়া এলাকা থেকে ইজতেমায় এসেছি। এত মানুষের সাথে নামাজ পড়ে ভালো লাগল। আমি আমার পড়াশোনা ও আব্বু-আম্মুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

মিঠাপুকুরের শাল্টিগোপালপুর থেকে আসা বয়োবৃদ্ধ মুসল্লি আবিদুর রহমান স্বপন বলেন, ‘অনেক মানুষের সাথে নামাজ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সে কারণেই এখানে এসেছি। বাড়িতে স্ত্রী, বাবা-মা অসুস্থ। তাদের রোগমুক্তির জন্যই দোয়া করেছি।’

গঙ্গাচড়া থেকে আসা মুসল্লি মনিরুজ্জামান মনি বলেন, ‘খুবই শান্তি নিয়ে নামাজ আদায় করলাম। প্রতি বছরই ইজতেমায় আসি। ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শুনি এবং তা পালন করার চেষ্টা করি। মূলত হালাল-হারাম থেকে বেঁচে চলা, মিথ্যা না বলা এবং ভালোভাবে দায়িত্ব পালন করার বিষয়গুলো মুরব্বিদের কণ্ঠে শুনি। এবারের আয়োজনও ভালো।’

ইজতেমায় প্রতিদিনই আসছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। জুমার নামাজ শেষে তিনি বলেন, ‘ইজতেমায় এই অঞ্চলের মানুষের ঢল নেমেছে। আল্লাহর প্রতি, ইসলামের প্রতি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি মানুষের যে ভালোবাসা ও অনুভূতি, এখানে সেটিরই এক মিলনমেলায় পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজকের এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করুন। দেশ ও জাতির কল্যাণ হোক। দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা থেকে দেশ রক্ষা পাক এবং মানুষের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এ এলাকায় দ্বীনের পথে, আল্লাহর পথে থাকতে পারি। কোনো অপশক্তি যেন মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে।’

চার স্তরের নিরাপত্তাবলয়
ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়া ও অবস্থান নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে রংপুর মহানগর পুলিশ। বসানো হয়েছে আর্চওয়ে। খিত্তা, প্যান্ডেল, সড়কসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে আড়াই শতাধিক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য। এছাড়া খোলা হয়েছে কন্ট্রোল রুম। জুমার নামাজে মুসল্লিদের সাথে অংশ নেন অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিরাপত্তা প্রসঙ্গে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, ‘ইজতেমা ২০২৬-এর এ আয়োজনের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজে আসতে পারেন, নামাজ আদায় করতে পারেন এবং যারা খিত্তায় অবস্থান করবেন, তারা যাতে নিরাপদে থাকতে পারেন, সেজন্য আমরা চার স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘প্রথমত, ট্রাফিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। একইসাথে বিভিন্ন খিত্তায় পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সিনিয়র কর্মকর্তারা সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। আমাদের নিরাপত্তাব্যবস্থায় আলহামদুলিল্লাহ কোনো ঘাটতি নেই। আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি, ইজতেমা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে শেষ হবে।’

বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাবার পানি বিতরণ
ইজতেমাকে ঘিরে মাঠ ও আশপাশে বিপুলসংখ্যক খাবারের দোকান গড়ে উঠেছে। পাশাপাশি মুসল্লিদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসাসেবা দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বসানো হয়েছে বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প।

ফ্রেন্ডস সার্কেল ১৯৯৯-এর পক্ষ থেকেও স্থাপন করা হয়েছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সেখান থেকে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি বিনামূল্যে খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

ক্যাম্পের অন্যতম আয়োজক বোরহান কবির বিপ্লব বলেন, ‘রংপুর ইজতেমায় লাখো মানুষের ঢল নেমেছে। আমাদের বন্ধুদের পক্ষ থেকে এখানে প্রতি বছরের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। এখানে খাবার পানি বিতরণ ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। প্রতি বছরই বন্ধুদের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করি, এবারো করছি। আমরা আল্লাহর কাছে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও দেশের সার্বিক মঙ্গল কামনা করছি।’

এবার ১০০ জামাত বের হওয়ার লক্ষ্য
পুলিশের পাশাপাশি ইজতেমা কর্তৃপক্ষের দুই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছেন। তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। মূল প্যান্ডেলে প্রতিদিন কমবেশি ৪০ হাজার মুসল্লি অবস্থান করছেন। তাদের অধিকাংশই রংপুর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

ইজতেমায় মোট নয়টি খিত্তা স্থাপন করা হয়েছে। এতে সুদান ও মালয়েশিয়ার দু’টি বিদেশী জামাতও অংশ নিয়েছে। চার শতাধিক টয়লেটের পাশাপাশি একসাথে ছয়টি স্থানে ছয় হাজার মানুষের গোসল ও অজুর ব্যবস্থা করা হয়েছে।

রংপুর ইজতেমার আমির সাজ্জাদুর রহমান মিঠাপুকুর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে সবার সহযোগিতায় ইজতেমা শান্তিপূর্ণভাবে ও ইয়াকিনের সাথে আল্লাহর উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। এবার আমাদের আশা ছিল, ১০০টি জামাতে মুসল্লিরা বের হবেন। কিন্তু আমনের আবাদ এখনো জমিতে রয়েছে। বৃষ্টিও হয়েছে। সে কারণে জামাতের সংখ্যা কিছুটা কম হতে পারে। এই ইজতেমার মাধ্যমে মুসল্লিরা টঙ্গীর জাতীয় ইজতেমায় যাওয়ার প্রস্তুতিও নেন।’

শনিবার আখেরি মুনাজাত
আগামীকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ইজতেমার আখেরি মুনাজাত। এতে দুই লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। মুনাজাত পরিচালনা করবেন হাফেজ ওয়াজি উল্লাহ।

এরই মধ্যে বাংলাদেশে তাবলিগের আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম বয়ান দিয়ে চলে গেছেন। মাওলানা সাদপন্থি তাবলিগ জামাতের মুসল্লিরা এবারের ইজতেমার আয়োজন করেছেন।