
ভিসি অফিসে ভিসির উপস্থিতিতে পিটিয়ে এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের শীর্ষ চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তবে ওই ঘটনায় আরেক অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বহিষ্কার হওয়া বিএনপিপন্থী কর্মকর্তাদের দাবি, বর্তমান ভিসি আওয়ামীপন্থী কর্মকর্তাদের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের বহিষ্কার করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ১২৪তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ভিসি ড. এম শওকাত আলী।
সাময়িক বহিষ্কৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, সহ-সভাপতি সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো: তারিকুল ইসলাম তারেক।
ভিসি এম শওকাত আলী বলেন, আমার রুমে বিধিবহির্ভূতভাবে প্রবেশ করে একজন কর্মকর্তাকে মারপিট করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে আমরা একটি তথ্যানুসন্ধান কমিটি করি। এরপর ১২৪তম সিন্ডিকেট সভায় কমিটির প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট পাওয়া যায়। সিন্ডিকেট সভায় এটি এজেন্ডাভুক্ত হলে অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসির কক্ষে ভিসির উপস্থিতিতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান ও প্রভাষক মোহাম্মদ ইউসুফের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এর একপর্যায়ে বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম কথা বললে বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাসহ রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী রেজিস্ট্রার রেজাউল ইসলাম লাবু তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ফুলের টব ও কাচের বোতল দিয়ে আঘাত করলে রফিকুল ইসলামের মাথা ফেটে যায়।
২০১৪ সালের জুলাই আন্দোলনে ছাত্রলীগকে হেলমেট সরবরাহের অভিযোগ রয়েছে লাবুর বিরুদ্ধে।
পরে হাসপাতালে চিকিৎসা শেষে এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে ওই ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু বিএনপিপন্থী কর্মকর্তাদের সাময়িক বহিষ্কার করায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, ‘আমি লিখিতভাবে পাঁচজনের ব্যাপারেই প্রশাসনকে জানিয়েছিলাম। আমাকে মারধরের বিষয়ে তাদের কার কী ভূমিকা ছিল তা স্পষ্ট করেছি। কিন্ত প্রশাসন কেন শুধু চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলো, সেটা তারাই বলতে পারবেন। আমি চাই এটার ন্যায়সঙ্গত বিচার হোক। যারা জড়িত সবাইকে সেই বিচারের আওতায় আনা হোক।’
এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি রিসার্স ইন্সটিটিটিউটের রিসার্স অফিসার ড. রুকুনুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর (ভিসি) আওয়ামী ফ্যাস্টিদের পুনর্বাসন করার জন্য বিএনপিপন্থী কর্মকর্তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। ওইদিন সেখানে আওয়ামীপন্থী কর্মকর্তারা আমাদের ওপর চড়াও হয়েছেন। তার মধ্যে একজন শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত কর্মকর্তাও ছিলেন। কিন্তু ভিসি তাদের বাঁচিয়ে দিয়েছেন। সব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
ড. রুকুনুজ্জামনের অভিযোগ প্রসঙ্গে ভিসি ড. এম শওকাত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিন্ডিকেট তথ্যানুসন্ধান প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার কোনো একক সিদ্ধান্ত নয়।‘
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









