দীঘিনালায় গাঁজাসহ যুবক গ্রেফতার
দীঘিনালা থানায় গাঁজাসহ গ্রেফতার আল মাহমুদ ওরফে বাবু। নয়া দিগন্ত
ads

খাগড়াছড়ির দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ মো: আল মাহমুদ ওরফে বাবু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী গাঁজাসহ ওই যুবককে গ্রেফতারের তথ্য জানান।

এর আগে, বুধবার রাত ৮টার দিকে দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল মাহমুদ দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মো: জমির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে সবুজ পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা করেছেন। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।