অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, স্যান্ডপেপার কাণ্ড, বল টেম্পারিং
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাবেক প্রধান জেমস সাদারল্যান্ড। ইন্টারনেট
ads

২০১৮ সালের ‘স্যান্ডপেপার-কাণ্ড’ তদন্ত পরিচালনায় নিজের ভূমিকার পক্ষে সাফাই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাবেক প্রধান জেমস সাদারল্যান্ড। ক্রিকেটকে আবারো বিভক্ত করে ফেলা নতুন সঙ্কট নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্ট চলাকালে বল টেম্পারিং কেলেঙ্কারি সামনে আসার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে ছিলেন সাদারল্যান্ড।

সিএর পরিচালিত তদন্তে ঘটনার দায় চাপানো হয় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, তার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তন করা খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফটের ওপর।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা চলতি মাসে তার আত্মজীবনীতে দাবি করেন, পুরো দলই এ ঘটনা সম্পর্কে জানত। ওয়ার্নার ও ব্যানক্রফটও তার দাবির সমর্থনে কথা বলায় পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসে।

এর পরিপ্রেক্ষিতে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স জোরালোভাবে অস্বীকার করেন যে, তিনি কিংবা সে সময়ের বোলিং বিভাগের সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন এ পরিকল্পনা সম্পর্কে জানতেন।

সাদারল্যান্ড বলেন, ‘বিষয়টি অন্যভাবে সামলানো যেত বা উচিত ছিল কি না, তা নিয়ে আমি পেছনে ফিরে ভাবি না।’

সঙ্কটের পর দায়িত্ব ছেড়ে দেয়া এবং বর্তমানে গলফ অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে থাকা সাদারল্যান্ড ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে বলেন, সামনে যে পরিস্থিতি ও তথ্য ছিল, তা বিবেচনায় নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।

তিনি বলেন, ‘সময়টা কঠিন ছিল এবং ব্যক্তিগতভাবে আমার জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। অন্যদের হয়ে আমি কথা বলতে চাই না। তবে জানি, অনেকের কাছেই সময়টা কঠিন ছিল।’

সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি, এখন আমি এসবের বাইরে। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান টড গ্রিনবার্গের দায়িত্বই যথেষ্ট কঠিন। এ বিষয়ে কথা বলে আমি তার কাজ আরো কঠিন করতে চাই না।’

গ্রিনবার্গের নেতৃত্বাধীন ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তটি নতুন করে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০১৮ সালের ঘটনা নিয়ে খেলোয়াড়দের অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ দিতে একটি আলোচনা সভা আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

গ্রিনবার্গ স্পষ্ট করে জানিয়েছেন, ওই আলোচনা থেকে নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

সিডনিতে অস্ট্রেলিয়ান পিজিএ চ্যাম্পিয়নশিপ চলাকালে ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, খাজার দাবির বিষয়ে মন্তব্য করা তার জন্য সমীচীন হবে না।

তিনি বলেন, ‘বর্তমান ক্রিকেটের বিষয়গুলো নিয়ে দূর থেকে মন্তব্য না করার অঙ্গীকার করেছি আমি। এখন পর্যন্ত সেই অঙ্গীকার রক্ষা করেছি। এটা বলাই যায়, ঘটনাটি কিছু স্মৃতি ফিরিয়ে এনেছে, যার বেশিভাগই সুখকর নয়। আমার শুধু মনে পড়ে, সময়টা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও মানসিক চাপের।’