১৪৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ আটক নারী
১৪৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ আটক নারী। নয়া দিগন্ত
ads

গাজীপুরের টঙ্গীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সুমাইয়া আক্তার টঙ্গীর দত্তপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমাইয়া আক্তারকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল বলেন, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আটক নারীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।