
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তরুণ পেসার কোয়েনা মাফাকাও। দুই পেসারের অনুপস্থিতিতে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ)।
পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজের ম্যাচে চোটে পড়েন কোয়েটজি। ব্যাট হাতে ৪৭ বলে ৫৭ রান করার পাশাপাশি ১৫ ওভার বল করে নিয়েছিলেন ২ উইকেট। তবে ফলো-অনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তাতেই স্পষ্ট হয়, বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না।
এদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় নতুন করে সমস্যায় পড়েছেন মাফাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
একই চোটের কারণে ১ ডিসেম্বর থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার।
দুই পেসারের অনুপস্থিতিতে দলে নতুন মুখ যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার বোলিং গড় ২৫.৫৭।
অন্যদিকে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যাটার জে জে ব্যাসন। একই দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইথান বোসও।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দুই পেসারের ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা। বিশেষ করে দুই সংস্করণেই কোয়েটজির অনুপস্থিতি দলটির বোলিং শক্তিতে প্রভাব ফেলতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









