
রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের দায়ে তাদের সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খন্দকার শফি নেওয়াজ নাছির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন হারুন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরো ১৫ হাজার টাকা পাঠানো হয়। দু’টি লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









