নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল
নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। নয়া দিগন্ত গ্রাফিক্স
ads

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে আলমগীর দালালের নিখোঁজ হওয়ার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার শাখা নদী সাঁতরে পার হয়ে তীরে ওঠার চেষ্টা করছিলেন আলমগীর দালাল। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় আলমগীর দালাল নামে একজন নিখোঁজ হন। খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরো জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা সহযোগিতা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আলমগীর দালালের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।