আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন, সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬, ফেনীতে শান্তি সম্মেলন, ছয় জেলার তরুণ, ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়ক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, শান্তি ও সম্প্রীতি, সম্প্রীতি অলিম্পিয়াড বিজয়ী ১৫ তরুণ
ফেনীতে তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও অলিম্পিয়াড। নয়া দিগন্ত
ads

ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে দেশের ছয়টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়করা অংশ নেন।

‘দক্ষ যুব গড়বে দেশ; সবার জন্য বাংলাদেশ’, ‘সংঘাত নয়; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এ আয়োজন করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ফেনীর উপ-পরিচালক মো: জাকির হোসেন।

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

বক্তারা বলেন, ‘পৃথিবীতে কোনো মানুষ একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা প্রয়োজন। তাই সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে। এ আয়োজনের দায়িত্ব তরুণদের নিতে হবে এবং সেজন্য প্রস্তুতি নিতে হবে।’

তারা আরো বলেন, ‘যাদের কথা নিজেদের সাথে মেলে, তাদের কথা ভালো লাগে। আর যাদের কথা মেলে না, তাদের কথায় অনেকে উগ্র হয়ে ওঠেন। এটি কোনোভাবেই হওয়া উচিত নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে সমাজ ও রাষ্ট্র আরও সুন্দর হবে।’

অনুষ্ঠানে জেলা পর্যায়ে তরুণ শান্তি সহায়কদের পক্ষে বক্তব্য দেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান, ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ।

অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিরা।