মাঝে যুব ঋণের চেক বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নয়া দিগন্ত
ads

রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোক্তা ও খামারিদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এ সময় তিন উপজেলার ১০ উদ্যোক্তা ও খামারির মধ্যে ১০ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। পরে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ উদ্যোক্তা ও খামারিকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, হাসি বেগম ও হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে পেয়েছেন। বাঘা উপজেলার জুয়েল আক্তার, শারমিন আক্তার ও নবীউল ইসলাম পেয়েছেন প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে। বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান পেয়েছেন এক লাখ টাকা করে। এ ছাড়া তিশা খাতুন ও আব্দুল বারী পেয়েছেন ৮০ হাজার টাকা করে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণে এসব ঋণের অর্থ ব্যয় করা হবে।

যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উপপরিচালক মো: শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম। এ সময় পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।