
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার ( দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই স্বারকলিপি প্রদান করেন। ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী বলেন, পদ্মা নদীর তীরবর্তী অবস্থান, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ সুবিধা এবং বিদ্যুৎকেন্দ্রের অবস্থানের কারণে ভেড়ামারা শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, পাবনাসহ আশপাশের অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
ভেড়ামারা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএস আল হুসাইন সোহাগ বলেন, অর্থনৈতিক অঞ্চলের সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত শুরু এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ কার্যক্রম উন্মুক্ত করার দাবি এ অঞ্চলের মানুষের। এটি বাস্তবায়ন হলে বেকারত্ব সমস্যা দূর করাসহ এ এলাকায় অর্থনৈতিক উন্নতি হবে।
সমাবেশ ও স্মারকলিপি প্রদানের সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলামসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









