সেপটিক ট্যাংক, মৃত্যু
সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অসুস্থ গোলাম হোসেন। নয়া দিগন্ত
ads

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের তক্তা খুলতে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন সঙ্কটে নবম শ্রেণির এক স্কুলছাত্রসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরো একজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতের পরিচয়

নিহতরা হলেন—কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫) এবং একই গ্রামের মনিপাড়ের ছেলে আরাফাত হোসেন (১৫)। আরাফাত স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেয়া গ্রামের এরশাদ আলীর ছেলে ও তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী বরেয়া গ্রামের রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে বরেয়া গ্রামের হাতেম আলী সরদার তার বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক তৈরি করেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজমিস্ত্রি মহানন্দ সরকার সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের তক্তা খোলার জন্য ভেতরে ঢোকে। বিষয়টি দেখতে স্কুলছাত্র আরাফাত হোসেনও সেপটিক ট্যাংকের ভেতরে নামে। ভেতরে নামার কিছুক্ষণ পরেই অক্সিজেন ফেল করে দুইজনই সেপটিক ট্যাংকের ভেতরে মারা যায়।

বেশ কিছুক্ষণ ধরে তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম হোসেন তাদের উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামার চেষ্টা করেন। কিন্তু ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশের বক্তব্য

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার কে পাঠানো হয়েছে।’