
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশার চালক উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুরের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন (৩৫) ও কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলার আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)।
আহত তিনজন হলেন— জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মো: রাসেল ও মো: ইয়াকুব।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন সুফিয়া বেগম, আরিফ হোসেন, মো: রাসেল ও মো: ইয়াকুব। কিছুদূর যাওয়ার পর মহাসড়কের কালিকসার এলাকায় পৌঁছালে পিকআপের ধাক্কায় সিএনজিটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিচালক ও চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুবকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দু’জন সুফিয়া বেগম ও রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আরিফ হোসেন, তার খালাতো ভাই মো: রাসেল ও মো: ইয়াকুবসহ অপর খালাতো ভাই মামুনের বিয়েতে যোগ দিতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন।
নিহত আরিফ হোসেনের খালাতো ভাই মো: মামুন বলেন, বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। কিন্তু আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব, খালাতো ভাই আরিফ হোসেন সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দেয়। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ হোসেন নিহত হয়েছে এবং আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছে। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার বলেন, নিহত ও আহতদের উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









