যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়া দিগন্ত
ads

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দুই দেশের বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, ভারত এই আইনি প্রক্রিয়া মেনে নিয়েই তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।’

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘দেশে ফিরিয়ে আনার পর ওই নেত্রীর জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। সাধারণ কোনো নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়; বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, ‘জাতিসঙ্ঘের একটি বড় দল দেশে এসে তদন্ত করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কত শিশুসহ মানুষকে হত্যা করা হয়েছে, তা তদন্তে উঠে এসেছে। এসব ঘটনার প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই তার ও অন্য দোসরদের রায় হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কি ভুলে গেছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কিভাবে নির্যাতন করে দেশছাড়া করা হয়েছিল? আমরা কি এগুলো ভুলে গেছি?’

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি জানতে পারি, আমার এলাকায় কোনো জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনো দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে।’

নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু।