
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
পাশাপাশি দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের সুযোগ সম্প্রসারণেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই কূটনীতিক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও আলোচনায় স্থান পায়। দ্বিপক্ষীয় সম্পর্কে মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।
আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিও স্থান পায়। দীর্ঘদিনের এই মানবিক সঙ্কট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









