
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অস্ত্রাগারে থাকা সরকারি ও পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে ঝুঁকি নিয়ে থানা থেকে অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইন্সে নিয়ে আসেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতির পর অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ অবস্থায় সালথা থানার ওসি মো: বাবলুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত সমন্বিত অভিযান পরিচালনা করেন। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।
প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করায় পুলিশের এ উদ্যোগকে পেশাদারিত্ব ও জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে জেলা পুলিশ।
এ ঘটনায় সালথা থানার ওসি মো: বাবলুর রহমান খান এবং তার নেতৃত্বাধীন দলের সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে তারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
এদিকে সাহসিকতা ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ওসি মো: বাবলুর রহমান খান এবং তার নেতৃত্বাধীন টিমকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









