লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ 
ভেটেরিনারি সার্জন ডা: মো: শফিউল ইসলাম খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনের বার্মাছড়ি আর্মি ক্যাম্প এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।

Advertisement

সোমবার( ৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। 

প্রশিক্ষণ কর্মসূচিতে বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা: মো: শফিউল ইসলাম, প্রাণিসম্পদ সহকারী ত্রিপণ চাকমা ও বার্মাছড়ি ইউনিয়নের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পশু-পাখির প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়। 

স্থানীয়রা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।