দীঘিনালার হাজাছড়া শাপলা বিলে পর্যটকদের ভিড়
নৌকায় চড়ে পর্যটকরা শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করেন। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালায় হাজাছড়া শাপলা বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক স্থান। চারপাশে উঁচু-নিচু সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ জলাভূমি আর পানির বুকে ফুটে থাকা সারি সারি লাল শাপলা, সব মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতি এ অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।

Advertisement

রোববার (৭ নভেম্বর) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া শাপলা বিল এলাকায় গিয়ে পর্যটকদের ভিড় দেখা যায়।

কার্তিকের শেষে শীতের আগমনি বার্তায়, প্রকৃতিতে ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের বুকে ফুটে থাকা লাল শাপলা যেন প্রকৃতির নিজস্ব আয়োজন। শীতকে বরণ করে নিতে পাহড়ি উপত্যকার এ বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। 

Advertisement

স্থানীয়দের ভাষ্য, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত শাপলা বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। এ সময় পানির ওপর ফুটে থাকা লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ে। কেউ বিলের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ আবার নৌকায় চড়ে কাছ থেকে উপভোগ করছেন শাপলার সৌন্দর্য।

হাজাছড়া শাপলা বিলের অপরূপ দৃশ্য, রোববার সকালে তোলা ছবি

 

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, শাপলা বিলের পরিবেশ খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। ভোরে পাখির কিচিরমিচির শব্দের সাথে লাল শাপলা ফুটে থাকতে দেখতে খুব ভালো লাগে। আমি প্রায়ই এখানে আসি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।

আজিজ উদ্দিন বলেন, হাজাছড়া শাপলা বিলটি সত্যিই অনেক সুন্দর। রাস্তার পাশে হওয়ায় প্রতিদিন সকালে অনেক মানুষ এখানে ভিড় করেন। নৌকায় চড়ে শাপলা বিল ঘুরে দেখেন দর্শনার্থীরা।

আরেক স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘সকালে শাপলা ফুলগুলো যখন ফুটে থাকে, তখন পাহাড়ের মাঝে এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। বিলটি পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এখানে পর্যটকদের আগমন আরো বাড়বে হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

স্থানীয়রা জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাজাছড়া শাপলা বিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে পর্যটন সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। তবে, অপরিকল্পিতভাবে দর্শনার্থীদের পদচারণায় বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শাপলা বিলটির প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে এর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া নেয়া প্রয়োজন।

তারা জানান, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হাজাছড়া শাপলা বিল এখন দীঘিনালার সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। যথাযথ উদ্যোগ ও সংরক্ষণের মাধ্যমে এ শাপলা বিল একদিন খাগড়াছড়ির পর্যটন মানচিত্রে স্থান করে নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।